ঢাবিতে গণধর্ষণের হুমকি দেওয়া শিক্ষার্থীকে বহিষ্কার
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হুসেনকে ৬ মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।
ঢাবি জনসংযোগ দপ্তর বুধবার (৩ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে। আলী হুসেন ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী।
ঘটনার সূত্রপাত হয়, ইসলামী ছাত্রশিবির সমর্থিত জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা বাতিলের জন্য হাইকোর্টে রিট করায় ‘অপরাজেয় ৭১, অদম্য-২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলমকে হুমকি দেওয়ার মাধ্যমে। আলী হুসেন সামাজিক যোগাযোগমাধ্যমে ফাহমিদার ছবি পোস্ট করে অশ্লীল মন্তব্য করেন।
বর্তমানে আলী হুসেনের ওই ফেসবুক আইডিটি ডিএক্টিভেট করা হয়েছে। অভিযোগ রয়েছে, আলী হুসেন ইসলামী ছাত্রশিবিরের কর্মী হলেও প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম বিষয়টি অস্বীকার করেছেন। জিএস প্রার্থী এস এম ফরহাদ তার শাস্তি দাবি করেছেন।