একীভূত হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্, সেপ্টেম্বর ৪, ২০২৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি বিভাগ— সুরক্ষা সেবা বিভাগ ও জননিরাপত্তা বিভাগ—একীভূত করেছে সরকার।

রুলস অব বিজনেসের ক্ষমতাবলে বুধবার (৩ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নতুন কাঠামো অনুযায়ী একীভূত বিভাগটি আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয় নামেই পরিচালিত হবে।

এর আগে ২০১৭ সালের ১৮ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুনর্গঠন করে দুটি বিভাগ (জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগ) গঠন করা হয়েছিল। তখন কাজের সুবিধার্থে মন্ত্রণালয়কে ভাগ করা হয়েছিল বলে জানানো হয়।

গত বছরের ৩ নভেম্বর সমন্বয়ে সুবিধা ও কাজে গতিশীলতা আনতে দুই বিভাগকে একীভূত করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ নির্দেশনার পর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ সচিবের কাছে চিঠি পাঠানো হয়। পরবর্তীতে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি বিষয়টি অনুমোদন দেয়।