নজরুল ইসলাম খান ভর্তি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছেন। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, নজরুল ইসলাম খান ২১ আগস্ট চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংকক যান। চিকিৎসা শেষে ২৯ আগস্ট ঢাকায় ফেরার কথা থাকলেও চিকিৎসকের পরামর্শে তিনি সিঙ্গাপুর যান। সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর লিম ইয়েন টেং-এর তত্ত্বাবধানে চিকিৎসা শুরু করেন।
তিনি ৩১ আগস্ট সিঙ্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভাতেও অংশ নেন। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে ২ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। ৩ সেপ্টেম্বর বিকেলে তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার খোঁজখবর নিচ্ছেন এবং ৩ সেপ্টেম্বর বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে কথা বলেছেন।
বিএনপি ও তার পরিবার দেশবাসীর কাছে নজরুল ইসলাম খানের দ্রুত আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন।

