সচিবালয় ও যমুনা সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৭:৩২ অপরাহন, সেপ্টেম্বর ৪, ২০২৫

প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা সংলগ্ন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী রোববার (৭ সেপ্টেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উল্লিখিত এলাকাগুলোতে সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ থাকবে।

নিষিদ্ধ এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে বাংলাদেশ সচিবালয় ও এর সংলগ্ন এলাকা এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও এর আশপাশ। এর মধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং এবং মিন্টু রোড ক্রসিংয়ের মধ্যবর্তী এলাকা অন্তর্ভুক্ত।

ডিএমপি জানায়, জনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।