ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের জন্য জরুরি ত্রাণসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিশেষ বিমানে দেশটিতে যাবে এসব ত্রাণ। এর মধ্যে রয়েছে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীতবস্ত্র, তাঁবু, খাবার পানি ও ওষুধ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ২ হাজার ২০০ জনের বেশি নিহত এবং ৩ হাজারের বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। বিধ্বস্ত হয়েছে ৮ হাজারের অধিক ঘরবাড়ি। খাদ্য, পানি ও চিকিৎসা সেবার সংকটে এলাকাজুড়ে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়।
এ প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ সরকার জরুরি ভিত্তিতে এই ত্রাণ পাঠাচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে করে ত্রাণসামগ্রী সরবরাহ ও হস্তান্তর করা হবে।
ত্রাণ কার্যক্রমে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড ও প্রাণ-আরএফএল একযোগে কাজ করছে।

