চাকরির প্রলোভন ও টেলিগ্রামের ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্র গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৪:০১ অপরাহন, সেপ্টেম্বর ৫, ২০২৫

চাকরির প্রলোভন ও টেলিগ্রামের ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্র গ্রেপ্তার। সংগৃহহীত ছবি

অনলাইনে চাকরির প্রলোভন ও টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারকচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সাইবার ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন অপারেশন ইউনিট।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দীন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকার ধানমন্ডি, ঠাকুরগাঁওয়ের সীমান্তঘেঁষা গ্রাম ও দিনাজপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চক্রের মূলহোতা আকাশ (২২), রাশাদ (২৮) এবং সহযোগী আসাদ (৩০)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত অ্যান্ড্রয়েড ফোন ও ছদ্মনামে ব্যবহৃত বিভিন্ন সিম কার্ড জব্দ করা হয়েছে।

বিশেষ পুলিশ সুপার বলেন, গ্রেপ্তাররা ভুয়া খণ্ডকালীন চাকরি ও বিনিয়োগের লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তারা টেলিগ্রাম অ্যাপে ভুয়া গ্রুপ খুলে কয়েক লাখ টাকা বিনিয়োগ করলে অল্প সময়ের মধ্যে কয়েকগুণ মুনাফা দেওয়ার প্রতিশ্রুতি দিত।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ধারণা করা হচ্ছে, এ চক্রের সঙ্গে দেশি-বিদেশি আরও অনেকে যুক্ত আছে।

মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তে প্রতারণা চক্রের মূল রহস্য উন্মোচিত হবে এবং জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে বলেও জানান সিআইডির এই কর্মকর্তা।

Nagad