জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, গুলিবিদ্ধ ২
রাজধানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় রাহুল (২২) ও মনির (২৫) নামে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাত পৌনে ৯টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে ঢামেক হাসপাতালে আনা হয়। রাহুলকে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে, আর মনির প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, রাতে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর করতে গেলে সংঘর্ষ বাঁধে। এ সময় পুলিশের গুলিতে দুই যুবক আহত হন।
এর আগে সন্ধ্যা ৭টার পর বিক্ষোভকারীদের একটি দল জাতীয় পার্টির কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়াশেল ও জলকামান ব্যবহার করে। বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হলে পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে।