ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৮০ জন
সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৩৫ জনে পৌঁছেছে এবং শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৪১১ জনে।
হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৪ জন, চট্টগ্রাম ৯৪ জন, ঢাকা বিভাগ ৮৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ৮৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৮০ জন, খুলনা ৩২ জন, রাজশাহী ৫৫ জন, রংপুর ৩ জন, সিলেট ১ জন ও ময়মনসিংহ ১৭ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ৫৫২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে মোট ছাড়পত্রপ্রাপ্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৭০৫ জনে।
পরিসংখ্যান অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬৬.৬ শতাংশ পুরুষ এবং ৩৩.৪ শতাংশ নারী।

