আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে হরতাল চলছে
বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে হরতাল ও সড়ক অবরোধ করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।
জেলার অন্তত ২০টি গুরুত্বপূর্ণ স্থানে সড়কের ওপর গাড়ি, গাছের গুঁড়ি ও বেঞ্চ ফেলে অবরোধ তৈরি করেছেন নেতাকর্মীরা। এর মধ্যে বাগেরহাট মহাসড়কের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক, খুলনা-ঢাকা মহাসড়কের দশানী, নওয়াপাড়া, কাটাখালি, মোল্লাহাট সেতু, খুলনা-মোংলা মহাসড়কের ফয়লা ও মোংলা বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ দেখা গেছে।
সকাল সাড়ে আটটার দিকে হরতালকারীরা জেলা নির্বাচন অফিসে তালা ঝুলিয়ে দেয়। এরপর মিছিল নিয়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকের গাড়ি আটকে দেওয়া হয় এবং জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানকে তার নিজ কার্যালয়ে প্রবেশে বাধা দেওয়া হয়। পরে তিনি বিকল্প কার্যালয়ে প্রবেশ করেন।
কর্মসূচিতে জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ সালাম, সদস্য সচিব মুজাফফর রহমান আলম, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুসসহ বিএনপি ও জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বাগেরহাটে চারটি আসন ছিল। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন সম্প্রতি একটি আসন কমিয়ে তিনটি আসনের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে। কমিশনের এই সিদ্ধান্তের বিরোধিতা করে স্থানীয় নেতাকর্মীরা চারটি আসন পুনর্বহালের দাবি জানাচ্ছেন।

