নেপালে ‘জেন জি’ আন্দোলন, সহিংসতায় নিহত বেড়ে ১৪
নেপালে ‘জেন জি’ আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় শতাধিক বিক্ষোভকারী, সাংবাদিক ও নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (৮ সেপ্টেম্বর) নেপালি সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট জানায়, ন্যাশনাল ট্রমা সেন্টারে পাঁচজন, সিভিল হাসপাতালে দুজন এবং কাঠমান্ডু মেডিকেল কলেজ, সিনামঙ্গল-এ একজন মারা গেছেন। নিহতদের মধ্যে কয়েকজনের পরিচয় এখনও নিশ্চিত হয়নি।
সরকারি দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে শান্তিপূর্ণভাবে বিক্ষোভের ডাক দেওয়া হলেও আন্দোলন দ্রুত সহিংস রূপ নেয়। বিক্ষোভকারীরা ফেডারেল পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। পুলিশ জলকামান, টিয়ারগ্যাস, রাবার বুলেট ও আকাশে গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে এতে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সহিংসতা বাড়তে থাকায় কাঠমান্ডু জেলা প্রশাসন কার্যালয় নতুন বাণেশ্বর, সিংহদরবার, নরায়ণহিটি ও আশপাশের সংবেদনশীল এলাকায় কারফিউ জারি করেছে। কারফিউ চলাকালে এসব এলাকায় চলাচল, সমাবেশ ও যেকোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশাসন জানিয়েছে, নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। তবে আন্দোলন ইতোমধ্যে দেশের অন্যান্য বড় শহরেও ছড়িয়ে পড়ছে।

