সাংবাদিকরা স্বাবলম্বী না হলে দল বা গোষ্ঠীর পুতুল হয়ে যায়: মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৮:১৯ অপরাহন, সেপ্টেম্বর ৮, ২০২৫

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সঙ্গে গ্রুপ বিমা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহফুজ আলম এসব কথা বলেন। সংগৃহীত ছবি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দেশের সাংবাদিকরা স্বাবলম্বী না হলে তারা কোনো দল বা গোষ্ঠীর পুতুল হিসেবে কাজ করতে বাধ্য হন। সংসার চালানো ও জীবনযাপন নিশ্চিত করতে গিয়ে অতীতে এমন পরিস্থিতি দেখা গেছে। সাংবাদিকদের স্বাবলম্বী ও সম্মানজনক জীবন নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সঙ্গে গ্রুপ বিমা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহফুজ আলম এসব কথা বলেন। অনুষ্ঠানটি ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপদেষ্টা জানান, দেশের সব সাংবাদিককে একসঙ্গে সুরক্ষা ও কল্যাণ কাঠামোর আওতায় আনা কঠিন কাজ। এটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতাও প্রয়োজন।

তিনি আরও বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে নিয়মিত আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। প্রতি তিন মাস অন্তর অনেক সাংবাদিক উপকৃত হচ্ছেন। এছাড়া সাংবাদিকদের সন্তানদের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে। সামাজিক কল্যাণ ট্রাস্টের কাজের পরিধি বৃদ্ধি করার উদ্যোগও নেওয়া হয়েছে।

মাহফুজ আলম বলেন, ঢাকা শহরে জীবনযাত্রার ব্যয় অনেক বেশি, কিন্তু অনেক সাংবাদিক কম বেতনে জীবনযাপন করছেন। অনেকের বেতনের টাকায় বাসা ভাড়া দেওয়া সম্ভব হচ্ছে না। এজন্য সাংবাদিকদের জন্য সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এবং নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। যদিও এটি জটিল প্রক্রিয়া, তবুও বর্তমান সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। পরবর্তী সরকারও প্রক্রিয়াটি এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাঈদ আহমেদ এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক কাজিম উদ্দিন।

Nagad