কারফিউ অমান্য করে নেপালে তরুণদের বিক্ষোভ, পুলিশের গুলি
নেপালে চলমান বিক্ষোভে পুলিশের দমন-পীড়নে প্রাণহানির পরও তরুণদের আন্দোলন থামেনি। ছবি: টাইমস অব ইন্ডিয়া
নেপালে চলমান বিক্ষোভে পুলিশের দমন-পীড়নে প্রাণহানির পরও তরুণদের আন্দোলন থামেনি। কারফিউ জারির পরও কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট এ তথ্য জানিয়েছে।
সোমবার রাজধানী কাঠমান্ডুতে অন্তত ১৭ জন এবং ইটাহারিতে দুজন নিহত হন। গুরুতর আহত হন ৪০০ জনের বেশি বিক্ষোভকারী। এর পর মঙ্গলবার থেকে কাঠমান্ডু, ললিতপুর ও ভক্তপুরে অনির্দিষ্টকালের কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন।
তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মঙ্গলবার সকালে নিউ বানেশ্বর পার্লামেন্ট ভবনের সামনে তরুণরা জড়ো হন। একজন অংশগ্রহণকারী বলেন, গতকালের ঘটনা সরকারের ব্যর্থতা প্রকাশ করেছে। আমি তরুণদের পাশে দাঁড়াতে এসেছি।
অন্যদিকে চন্দ্রনিগাহাপুরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। এসময় বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। আইনশৃঙ্খলা বাহিনী ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
সরকারি দমননীতির কারণে বিরোধী দলসহ বিভিন্ন মহল সরকারের কড়া সমালোচনা করেছে। তারা বলছে, এ ঘটনাই সরকারের দমনমূলক অবস্থান স্পষ্ট করে দিয়েছে।
স্থানীয় প্রশাসন আইন ১৯৭১-এর ধারা ৬(৩) অনুযায়ী সব ধরনের চলাফেরা, জমায়েত, মিছিল, সমাবেশ, শোভাযাত্রা ও অবস্থান কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে।

