ইসি সচিবের ঘোষণা: প্রবাসীদের ভোটের জন্য তৈরি হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:৩২ অপরাহন, সেপ্টেম্বর ৯, ২০২৫

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের বয়সসীমা কমিয়ে ১৬ বছর করা হয়েছে। সংগৃহীত ছবি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের বয়সসীমা কমিয়ে ১৬ বছর করা হয়েছে। এখন থেকে যাদের বয়স ১৬ বছর পূর্ণ হবে, তারাই এনআইডির জন্য নিবন্ধনের আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আখতার আহমেদ বলেন, বিভিন্ন কাজে এনআইডি প্রয়োজন হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে ১৬ বছর বয়স থেকেই এনআইডির জন্য নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে। তবে ভোটাধিকার প্রয়োগ করতে হলে অবশ্যই ১৮ বছর হতে হবে। তিনি আরও জানান, এখন থেকে এনআইডি হারিয়ে গেলে তা পুনরায় তুলতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রয়োজন হবে না।

ইসি সচিব বলেন, প্রবাসী ও ভোটের কাজে নিয়োজিত ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করতে একটি অনলাইন অ্যাপ তৈরি করা হচ্ছে। আসন্ন নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে পারবেন বলেও তিনি আশা প্রকাশ করেন। তার ভাষায়, ‘প্রবাসীরা আগামী নির্বাচনে ভোট দেবেন, ইনশাআল্লাহ। এর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চলছে। রেজিস্ট্রেশন ও ভোটিংয়ের টেকনিক্যাল বিষয়গুলো শিগগিরই জানানো হবে।’

আউট অব কান্ট্রি ভোটিং ও ইনকান্ট্রি পোস্টাল ব্যালট সিস্টেম চালুর প্রস্তুতির কথাও জানান সচিব। এ জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে তিনি জানান, মাঠপর্যায় থেকে তথ্য সংগ্রহ করে প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এটি কমিশনে জমা দেওয়ার পর সিদ্ধান্ত হবে।

Nagad

দলীয় প্রতীক প্রসঙ্গে সচিব বলেন, প্রতীক সংক্রান্ত বিধিমালা সংশোধনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ উইংয়ে অপেক্ষমাণ রয়েছে। দ্রুত এ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সকালে সীমানা নির্ধারণ নিয়ে মানববন্ধনের প্রসঙ্গে সচিব জানান, আইন অনুযায়ী চূড়ান্ত হওয়ার পর পুনঃনির্ধারণের সুযোগ সীমিত। তবে আদালতে যাওয়ার সুযোগ থাকলেও সেটি আইনগত সীমাবদ্ধতার মধ্যে থাকবে।