ডাকসু ফল ঘিরে থমথমে ঢাবি, ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:১৪ অপরাহন, সেপ্টেম্বর ৯, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘিরে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে ক্যাম্পাসে উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজ করছে। বিকেলে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হলেও রাতে ফল প্রকাশ অনুষ্ঠানের আগে দোয়েল চত্বর, শাহবাগ, নীলক্ষেত ও টিএসসি এলাকায় অবস্থান নেয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।

ক্যাম্পাস এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজন যানবাহনে চলছে তল্লাশি। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাহিনী প্রস্তুত রয়েছে।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামীকাল (বুধবার) সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সরেজমিনে জানা গেছে, নীলক্ষেত, শাহবাগ ও দোয়েল চত্বর এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। এসময় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়। অন্যদিকে ভোট চুরির অভিযোগ তুলে ছাত্রদল ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে।