অরাজক পরিস্থিতিতে নেপালের নিরাপত্তার দায়িত্ব নিল সেনাবাহিনী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:২৯ পূর্বাহ্, সেপ্টেম্বর ১০, ২০২৫

নেপালের সার্বিক নিরাপত্তার নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী। সংগৃহীত ছবি

নেপালের সার্বিক নিরাপত্তার নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী। স্থানীয় সময় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সেনারা রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন জায়গায় অবস্থান নেয়। বিষয়টি স্থানীয় সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট এক প্রতিবেদনে নিশ্চিত করেছে।

দিনভর উত্তপ্ত পরিস্থিতির পর রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল। তিনি বিক্ষোভকারীদের আন্দোলন থেকে সরে আসার আহ্বান জানান। সেনাপ্রধানের ভাষণের পর সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত থেকে সেনাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হবে।

এর আগে, মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী কেপি শর্মা পদত্যাগের ঘোষণা দিলে রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা ভেঙে পড়ে। বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবন, অফিস-আদালত ও সরকারি দপ্তরে আগুন ধরিয়ে দেয়। এ সময় বেশ কয়েকটি মন্ত্রীদের বাসভবনেও হামলা চালানো হয়।

বিক্ষোভকারীদের হামলায় সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দিউবা ও তার স্ত্রী মারধরের শিকার হন। এতে শের বাহাদুর গুরুতর আহত হলে সেনাবাহিনী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে, আরেক সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। ওই সময় বাড়ির ভেতরে থাকা তার স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর দগ্ধ হয়ে নিহত হন।

এখনও দেশটির পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

Nagad