আমানতের যথাযথ রক্ষণাবেক্ষণ করবো : সাদিক কায়েম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী আবু সাদিক ওরফে সাদিক কায়েম। বুধবার (১০ সেপ্টেম্বর) ঘোষিত ডাকসু নির্বাচন ২০২৫–এর ফলাফলে তিনি বিপুল ভোটে জয়ী হন।
জয়ের পর প্রতিক্রিয়ায় সাদিক কায়েম বলেন, ডাকসুতে জয় বা পরাজয় কিছু নেই, এখানে ঢাবির শিক্ষার্থীরাই বিজয়ী হয়েছে। আমানতের যথাযথ রক্ষণাবেক্ষণ করবো। ভিপি হিসেবে নয়, নিজেকে একজন ভাই হিসেবে পরিচয় দিতে চাই।
তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, ৯০-এর শহীদ, আবরার ফাহাদ, ছাত্রলীগ নির্যাতিত সবাইকে স্মরণ করছি। সাদিক কায়েমকে আগে যেমন দেখেছেন, এখনও তেমনই দেখবেন ইনশাআল্লাহ। যে ধর্মের, মতের, পথের হোক না কেন— সবাই একসাথে এগিয়ে যাব। ঢাবিকে পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে গড়ে তুলবো। নারীদের জন্য হবে নিরাপদ ক্যাম্পাস।
ভিপি হিসেবে দায়িত্ব পালনে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনে অংশ নেওয়া প্রত্যেকেই একেকজন উপদেষ্টা। আশা করি, তারা সবাই পরামর্শ দেবেন। স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে।
ডাকসুর জিএস নির্বাচিত হয়েছেন ঢাবি শিবিরের সভাপতি এস এম ফরহাদ হোসেন। প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই বিজয় সকল ঢাবি শিক্ষার্থীর। তাদের বিশাল আমানত রক্ষার ঘোষণা এটি। কোনো ভুল হলে জানাবেন। বিজয় মিছিলে যাচ্ছি না, কারণ এটা আমাদের আমানতদারির পরীক্ষা।
এদিন সকাল সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

