কুষ্টিয়ায় আধিপত্য সংঘর্ষে দুজন নিহত, আহত চারজন
কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত এবং চারজন আহত হয়েছেন। সংঘর্ষটি মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিরপাড়া গ্রামে ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষে সর্দার গ্রুপের দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন— মৃত হামের ছেলে সারফান সর্দার (৫০) এবং মৃত বিছার সর্দারের ছেলে বাইজিদ সর্দার (৩৫)। ঘটনাস্থলেই ধারালো অস্ত্রের আঘাতে সারফান সর্দারের মৃত্যু হয়। গুরুতর আহত বাইজিদ সর্দারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। আহত আরও চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের মেয়ে মিম খাতুন অভিযোগ করেছেন, রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে পাশের একটি বাগানে আমার বাবাকে পা কেটে ও গলা কেটে হত্যা করেছে প্রতিপক্ষরা।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে সর্দার গ্রুপের দুজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনী টহল দিচ্ছে। রাতেই কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।