নির্বাচন সুষ্ঠু না হলে অর্জন থাকবে না: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:০৭ অপরাহন, সেপ্টেম্বর ১১, ২০২৫

আগামী নির্বাচনের আয়োজন সুষ্ঠু না হলে অন্তর্বর্তী সরকারের কোনো অর্জন বলার মতো থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করাই জাতির বড় চ্যালেঞ্জ। নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে, সে অনুযায়ী কার্যক্রম চলছে।’

তিনি আরও বলেন, ‘দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের বিষয়ে ঐকমত্য এখনও হয়নি। তবে সময় আছে, আশা করি আলোচনার মাধ্যমে আমরা ঐকমত্যে পৌঁছাতে পারব।’

সংবিধান সংশোধনের বিষয়ে বিএনপির এ নেতা বলেন, ‘নির্বাচিত জাতীয় সংসদই সংবিধান সংশোধনের অনুমোদন দিতে পারে। অন্য কোনো প্রক্রিয়ায় গেলে পরে সংশোধিত সংবিধান আদালতে চ্যালেঞ্জ হতে পারে।’

তিনি আরও জানান, শতাধিক সংস্কারের প্রস্তাব থাকলেও সব রাজনৈতিক দল সব বিষয়ে একমত নাও হতে পারে। তবে দেশের ও গণতন্ত্রের স্বার্থে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Nagad