সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়ল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৩৪ অপরাহন, সেপ্টেম্বর ১১, ২০২৫

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তার ঊর্ধ্বতন সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরও দুই মাস (৬০ দিন) বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে গত ১৪ জুলাই থেকে ৬০ দিনের জন্য এ ক্ষমতা বাড়ানো হয়েছিল, যা আজ শেষ হওয়ার কথা ছিল।

নতুন আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তা (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত কর্মকর্তাসহ) ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’-এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করবেন।

এই ক্ষমতা আগামী ১২ সেপ্টেম্বর থেকে ৬০ দিন পর্যন্ত বলবৎ থাকবে এবং সারাদেশে কার্যকর হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এ ধরনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ফৌজদারি কার্যবিধির ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার আওতাধীন অপরাধ বিবেচনা করতে পারবেন।

প্রথমে গত বছরের ১৭ সেপ্টেম্বর সেনা কর্মকর্তাদের এ ক্ষমতা প্রদান করা হয়। পরে সংশোধন করে বিমান ও নৌবাহিনীর কমিশন্ড অফিসারদেরও একই ক্ষমতা দেওয়া হয়। সেই থেকে ধারাবাহিকভাবে এ ক্ষমতার মেয়াদ বাড়ানো হচ্ছে।

২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রেক্ষাপটে এই ক্ষমতা প্রথম দেওয়া হয়েছিল। তখন দেশজুড়ে ব্যাপক সংঘর্ষ, অগ্নিসংযোগ, থানা দখল ও পুলিশের কর্মবিরতির ঘটনায় শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীকে এ দায়িত্ব দেওয়া হয়।

Nagad