জাকসু নির্বাচনে ১৩ কেন্দ্রের ভোট গণনা শেষ, বাকি ৮

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:০১ পূর্বাহ্, সেপ্টেম্বর ১৩, ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ২১টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১৩টি কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে। বাকি ৮টি কেন্দ্রের ভোট গণনা এখনো চলছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়। এর আগে হল সংসদের ভোট গণনা শেষ করা হয়।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শুরুতে ওএমআর মেশিনে ভোট গণনার কথা থাকলেও, মেশিন সরবরাহ নিয়ে ছাত্রদল ও শিবিরের পারস্পরিক দোষারোপের পর হাতে গণনার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। পরে সন্ধ্যা ৭টার দিকে বিভিন্ন হল থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার পর গণনা কার্যক্রম শুরু হয়।

জাকসুতে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭। এর মধ্যে ছাত্র ছয় হাজার ১১৫ এবং ছাত্রী পাঁচ হাজার ৭২৮ জন। এর প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে।