দেড় দশকে অধিকার হারানোয় অনেকে অসহিষ্ণু হয়েছেন: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৮:১১ অপরাহন, সেপ্টেম্বর ১৩, ২০২৫

দেড় দশকেরও বেশি সময় ধরে নাগরিক হিসেবে গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার হারানোর কারণে মানুষের মধ্যে অসহিষ্ণুতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংগৃহীত ছবি

দেড় দশকেরও বেশি সময় ধরে নাগরিক হিসেবে গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার হারানোর কারণে মানুষের মধ্যে অসহিষ্ণুতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, এই অসহিষ্ণুতা কাটিয়ে একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য মনুষ্যত্ব অর্জন আর পশুত্ব বর্জনই হোক আমাদের অঙ্গীকার।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত ‘প্রাণী ও প্রাণের মিলন মেলা’ প্রদর্শনীতে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

প্রাণীদের প্রতি সহমর্মিতা প্রসঙ্গে তিনি বলেন, মানুষ যখন প্রাণীদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করে, তখন তা সমাজের পরিপক্বতা ও উন্নত নৈতিকতার প্রতিফলন ঘটায়। ব্যাঙ এডিস মশার লার্ভা খেয়ে প্রাকৃতিকভাবে ডেঙ্গুর বিস্তার রোধ করে—উল্লেখ করে শহর ও নগরে ব্যাঙের নিরাপদ আবাস গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

গণতন্ত্র ও বাস্তুতন্ত্রের মধ্যে সম্পর্কের প্রসঙ্গ টেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকলে যেমন মানুষের অধিকার সুরক্ষিত থাকে, তেমনি বাস্তুতন্ত্রও নিরাপদ থাকে।

আন্তর্জাতিক সংস্থার জরিপ তুলে ধরে তিনি জানান, দেশে একসময় ১ হাজার ৬০০-এর বেশি প্রাণী প্রজাতি থাকলেও এখন প্রায় ৩০০ প্রজাতি বিলুপ্তির মুখে। আশির দশকে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ৪০০’র বেশি, যা এখন নেমে এসেছে প্রায় ১০০-এর কাছাকাছি। হাতির সংখ্যা কমে দাঁড়িয়েছে ২০০’র নিচে।

Nagad

প্রাণী ও পরিবেশ সুরক্ষায় সরকারের আইনগুলোর প্রাসঙ্গিকতার কথাও উল্লেখ করেন তিনি। তারেক রহমান বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে প্রাণীকল্যাণ আইন ২০১৯, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, জীববৈচিত্র্য রক্ষা আইন, পরিবেশ সংরক্ষণ আইন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইনসহ সংশ্লিষ্ট আইনগুলো সময়োপযোগী করা হবে।

বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ারের আহ্বায়ক চিত্রনায়ক আদনান আজাদের সভাপত্বিতে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা ও দৈনিক যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মি আকতার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল লতিফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনোয়ার হোসেন তুহিন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান, বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান উদ্যোক্তা আতিকুর রহমান রুমন, আবুল হাসান মোরশেদ ইমন দীপান্বিতা রিদি, চিত্রনায়িকা আইরিন সুলতানা, রহিমা আনজুম পুষ্প, ইঞ্জিনিয়ার আবুল হানিফ প্রমুখ।

এতে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী অভীক ইসকান্দার, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সভাপতি এস এম জাহাঙ্গীর, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা মো. আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম, সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, শাহাদত হোসেন, ক্রিকেটার শফিউল আলম, বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ারের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাপ্পি খান, বিএডব্লিউইএর আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিশাত তামান্না জামান, ইঞ্জিনিয়ার আবু হানিফ, ডা. আতিকুর রহমান মিঠু প্রমুখ।