জাবিতে দলীয় লেজুড়বৃত্তির রাজনৈতিক চর্চা বন্ধ করব: জাকসুর ভিপি জিতু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (জাকসু) সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্যানেল থেকে বিজয়ী হয়েছেন আব্দুর রশিদ জিতু। সংগৃহীত ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (জাকসু) সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্যানেল থেকে বিজয়ী হয়েছেন আব্দুর রশিদ জিতু। নির্বাচিত হয়ে তিনি ঘোষণা দিয়েছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সকল প্রকার দলীয় লেজুড়বৃত্তি নির্ভর রাজনৈতিক চর্চা বন্ধ করবেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিনেট ভবনে ফলাফল ঘোষণার পর সাংবাদিকদের প্রতিক্রিয়ায় জিতু বলেন, আমরা দেখেছি দলীয় লেজুড়বৃত্তি কেন্দ্রিক রাজনৈতিক চর্চার কারণে শিক্ষার্থীদের একাডেমিক জীবন ক্ষতিগ্রস্ত হয়। শিক্ষার্থীদের জন্য শতভাগ নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়তে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমাদের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের হারানো অধিকার ফিরিয়ে আনা। জাকসুর অফিসিয়াল ফলাফল ঘোষণার মাধ্যমে আমরা সেই অধিকার ফিরে পেয়েছি।
জিতু জানান, জাকসু বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীরা দীর্ঘদিন সংগ্রাম করেছেন। ২০১৩ ও ২০১৯ সালে নির্বাচন হওয়ার কথা থাকলেও তা হয়নি। এবার শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের পর অবশেষে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো।
নির্বাচনী ফলাফল
ঘোষিত ফলে দেখা যায়, স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু ৩৩৩৪ ভোট পেয়ে ভিপি পদে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের আরিফ উল্লাহ পান ২৩৯২ ভোট। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত ঐক্য ফোরামের আরিফুজ্জামান উজ্জ্বল পান ১২১১ ভোট এবং ছাত্রদলের মো. শেখ সাদি হাসান পান ৬৪৮ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের মো. মাজহারুল ইসলাম ৩৯৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্য ফোরামের আবু তৌহিদ মো. সিয়াম পান ১২৩৮ ভোট এবং ছাত্রদলের তানজিলা হোসাইন বৈশাখী পান ৯৪১ ভোট।
নির্বাচন-পরবর্তী পরিকল্পনা প্রসঙ্গে নবনির্বাচিত ভিপি জিতু বলেন, জাকসুতে বিভিন্ন প্যানেল থেকে অনেক প্রার্থী নির্বাচিত হয়েছেন। আমার প্রথম কাজ হবে দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক (inclusive) বিশ্ববিদ্যালয় গড়ে তোলা।
ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম, সদস্য লুৎফুল এলাহীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

