শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান : লুৎফুজ্জামান বাবর
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। তিনি বলেন, তারেক রহমান শিগগিরই ফিরবেন, তার ফেরার ব্যাপারে আলোচনা হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দুই ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বাবর।
তিনি বলেন, দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে এস আলম গ্রুপের কর্ণধারের বৈঠককে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে দেশে অবৈধ অস্ত্র আসা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। এ বিষয়গুলো নিয়েই সরকারের সঙ্গে আলোচনা হয়েছে।
বাবর আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের প্রচেষ্টার ঘাটতি নেই। বিএনপিও অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায়। তবে কিছু বিষয়ে উদ্বেগ আছে, যা নিয়ে আলোচনা প্রয়োজন।
এর আগে প্রায় ১৮ বছর পর বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সেখানে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, লুৎফুজ্জামান বাবর ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

