শেখ মুজিব-হাসিনা দুজনেই সেনাবিদ্বেষী ছিলেন: মাহমুদুর রহমান
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারিবারিকভাবে সেনাবিদ্বেষী ছিলেন বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি দাবি করেন, শেখ হাসিনা ও তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুজনেই সেনাবিদ্বেষী ছিলেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) জুলাই-আগস্ট মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এ মামলায় তিনি ৪৬তম সাক্ষী হিসেবে সাক্ষ্য প্রদান করছেন।
ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান বলেন, পিলখানায় দেশপ্রেমিক সেনাদের নির্মমভাবে হত্যার পর শেখ হাসিনা বিচার বিভাগের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের উদ্যোগ নেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে এ সাক্ষ্য গ্রহণ চলছে। এদিন একই মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামও সাক্ষ্য দেবেন।
এর আগে ৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৪৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। ৮ সেপ্টেম্বর তিনজন এবং ৯ সেপ্টেম্বর ছয়জন সাক্ষ্য দেন। গত ১০ সেপ্টেম্বর এ মামলায় মাহমুদুর রহমান ও নাহিদ ইসলামের সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও ব্যক্তিগত কারণে তারা উপস্থিত হতে না পারায় সময় চান। পরে ট্রাইব্যুনাল তাদের আবেদন মঞ্জুর করে।

