ডিজে পার্টির আড়ালে ভয়ংকর মাদক চক্র, রাজধানীতে গ্রেপ্তার ৫ তরুণ
রাজধানীর অভিজাত এলাকাগুলোতে অনুষ্ঠিত ডিজে পার্টির আড়ালে গড়ে উঠেছিল ভয়ংকর মাদক সরবরাহ চক্র। সংগৃহীত ছবি
রাজধানীর অভিজাত এলাকাগুলোতে অনুষ্ঠিত ডিজে পার্টির আড়ালে গড়ে উঠেছিল ভয়ংকর মাদক সরবরাহ চক্র। ইংল্যান্ডে পড়াশোনা শেষে দেশে ফেরা কিছু প্রযুক্তিদক্ষ তরুণ এই চক্রের নেতৃত্ব দিচ্ছিলেন। তারা চকলেটের প্যাকেটের ভেতর লুকিয়ে ডাকযোগে বিদেশ থেকে নিয়ে আসত পার্টি ড্রাগ, যা পরে উচ্চবিত্ত পরিবারের সন্তান ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সরবরাহ করা হতো।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, চক্রটির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন-জুবায়ের (২৮), জি এম প্রথিত সামস (২৫), আসিফ মাহবুব চৌধুরী (২৭), অপূর্ব রায় (২৫) ও সৈয়দ শাইয়ান আহমেদ (২৪)।
ডিএনসির মহাপরিচালক হাসান মারুফ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর, সেগুনবাগিচা ও পল্টন এলাকায় অভিযান চালিয়ে মাদক চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে যুক্তরাজ্য থেকে আনা নিষিদ্ধ এমডিএমএ (এক্সটাসি), ১ কেজি ৬৭৬ গ্রাম কুশ, ৫০ মিলিলিটার কিটামিন, ২৫০ গ্রাম গাঁজা, ৩১৭টি ট্যাবলেট, ৬টি মোবাইল ফোন, ১টি ল্যাপটপ ও নগদ ৭ লাখ ১১ হাজার টাকা জব্দ করা হয়েছে।
তিনি জানান, মূল হোতা জুবায়েরের নেতৃত্বে গড়ে ওঠা এই চক্র তথ্যপ্রযুক্তির সহায়তায় এনক্রিপ্টেড অ্যাপস ব্যবহার করে ব্যবসা পরিচালনা করত। চক্রটির সদস্যরা মূলত বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও কয়েকজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে, যাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

