এপনিক পলিসি সিগের কো-চেয়ার পুনঃনির্বাচিত বাংলাদেশের শায়লা শারমিন
ভিয়েতনামে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (এপনিক) ৬০তম সম্মেলনে পলিসি স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (সিগ)-এর নেতৃত্ব নির্বাচনে বাংলাদেশের শায়লা শারমিন কো-চেয়ার পদে পুনঃনির্বাচিত হয়েছেন। গত ৪-১১ সেপ্টেম্বর আয়োজিত এই নির্বাচনে তিনি তার প্রতিদ্বন্দ্বী ক্রিস্টোফার হকারের চেয়ে ১১১ ভোট বেশি পান। শায়লা শারমিন পেয়েছেন ১৮২ ভোট, যেখানে ক্রিস্টোফার হকার পান ৭১ ভোট।
পলিসি সিগ চেয়ার পদে নির্বাচিত হয়েছেন নেপালের বিক্রম শেরেস্তা।
শায়লা শারমিন এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ইন্টারনেট কমিউনিটিতে সুপরিচিত নাম। বর্তমানে তিনি প্রাইম ব্যাংক পিএলসিতে সাইবার সিকিউরিটি আর্কিটেক্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। আইএসপি, এন্টারপ্রাইজ ও ব্যাংকিং খাতে তার এক দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি তিনি এপনিক কমিউনিটি প্রশিক্ষক এবং বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, এপনিক পলিসি সিগ হলো সংস্থাটির একটি গুরুত্বপূর্ণ ফোরাম, যেখানে আঞ্চলিক ইন্টারনেট সম্প্রদায় আইপিভি৪, আইপিভি৬ অ্যাড্রেস ও অটোনোমাস সিস্টেম নম্বর সম্পর্কিত নীতিমালা নিয়ে আলোচনা ও নীতি প্রণয়ন করে।