প্রতি ফাইলেই ঘুষ নিতেন রাজীব, জবানবন্দিতে স্বীকার সহযোগী মাইনুদ্দীনের

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্, সেপ্টেম্বর ১৮, ২০২৫

চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) রাজীব রায় প্রতি ফাইলেই ঘুষ নিতেন বলে আদালতে স্বীকার করেছেন তার সহযোগী মাইনুদ্দীন। বুধবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে মাইনুদ্দীন এ তথ্য জানান।

জবানবন্দিতে মাইনুদ্দীন বলেন, রাজীব রায়ের টেবিলে প্রতিদিন ১০–১৫টি ফাইল থাকতো এবং প্রতিটি ফাইল থেকে তিনি ঘুষ নিতেন। গত ৪–৫ মাস ধরে ঘুষের টাকা রাখতে তাকে ডেকে রাজীব রায় তার ড্রয়ার থেকে খাম দিয়ে দিতেন। ঘটনার দিন (১৬ সেপ্টেম্বর) খামটি পকেটে নেয়ার সময় দুদকের ফাঁদে ধরা পড়েন।

দুদকের পিপি মোকাররম হোসেন আদালতে বলেন, মাইনুদ্দীন ঘটনার দায় স্বীকার করেছেন। পরে রাজীব রায় ও মাইনুদ্দীনকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

এ ঘটনায় দুদক গত মঙ্গলবার হোমল্যান্ড প্লাস্টিক স্যু ইন্ডাস্ট্রিজের প্রোপাইটর ও মুন্সিগঞ্জের বাসিন্দা আমির হোসেনের অভিযোগের ভিত্তিতে ফাঁদ অভিযান পরিচালনা করে রাজীব রায় ও মাইনুদ্দীনকে ৩০ হাজার টাকা ঘুষসহ গ্রেপ্তার করে। আমির হোসেন জানিয়েছেন, কাস্টমস হাউসের শুল্কায়ন সেকশন-৭ (বি) থেকে পণ্য ছাড়করণের জন্য নানাভাবে হয়রানি করা হয়েছিল।

দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ ফাঁদ মামলায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

Nagad