এআইইউবিতে বিজ্ঞাপনে ক্যারিয়ার গড়ার বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৮:২৩ অপরাহন, সেপ্টেম্বর ১৮, ২০২৫

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন (এমএমসি) বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিজ্ঞাপন শিল্পে ক্যারিয়ার গড়ার বিষয়ে বিশেষ সেমিনার। গত ১০ সেপ্টেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত এ সেমিনারের শিরোনাম ছিল-“ক্যারিয়ার ইন অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ: স্কিলস দ্যাট গেট ইউ হায়ার্ড”।

সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভিজ্যুয়াল কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও কমিউনিকেশন স্ট্র্যাটেজিস্ট এ. এস. এম. মারুফ কবির। তিনি সৃজনশীলতা, অভিযোজনক্ষমতা, স্ট্র্যাটেজিক প্ল্যানিং, ক্রিটিক্যাল থিংকিং এবং দর্শককেন্দ্রিক দৃষ্টিভঙ্গির মতো গুরুত্বপূর্ণ দক্ষতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিজ্ঞাপন কেবল ব্র্যান্ড প্রচারের মাধ্যম নয়; এটি ভোক্তার আচরণ, সংস্কৃতি ও মূল্যবোধকেও প্রভাবিত করে।

এ সময় তিনি কনজ্যুমার সাইকোলজি, অডিয়েন্স সেগমেন্টেশন, এটিএল-বিটিএল বিজ্ঞাপন কৌশল, সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল প্ল্যাটফর্মের ব্যবহার এবং বিজ্ঞাপনী প্রচারণায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ভূমিকা সম্পর্কেও বিস্তারিত দিকনির্দেশনা দেন।

সেমিনারে উপস্থিত ছিলেন এআইইউবির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. তাজুল ইসলাম, এমএমসি বিভাগের উপদেষ্টা ড. এজেএম শফিউল আলম ভূঁইয়া, বিভাগের প্রধান মিস রানি এলেন ভি. রামোস, শিক্ষকবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।