‘৫৬% ভোটারের পিআর পদ্ধতি সম্পর্কে ধারণা নেই, ফেব্রুয়ারিতেই ভোটের পক্ষে ৮৬.৫%’

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:১৩ অপরাহন, সেপ্টেম্বর ২১, ২০২৫

রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর দ্য ডেইলি স্টার ভবনে আয়োজিত গোলটেবিল বৈঠকে জরিপের প্রধান ফলাফল উপস্থাপন করেন ইনোভেশন কনসালটিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. রুবাইয়াত সরোয়ার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

ইনোভেশন কনসালটিংয়ের ‘পিপলস ইলেকশন পালস সার্ভে, রাউন্ড–২’-এর প্রতিবেদনে দেখা গেছে, দেশের ৮৬.৫ শতাংশ ভোটার মনে করেন আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। একই সঙ্গে ৯৪.৩ শতাংশ ভোটার জানিয়েছেন তারা ভোট দিতে আগ্রহী। তবে প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি সম্পর্কে ধারণা নেই ৫৬ শতাংশ ভোটারের।

রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর দ্য ডেইলি স্টার ভবনে আয়োজিত গোলটেবিল বৈঠকে জরিপের প্রধান ফলাফল উপস্থাপন করেন ইনোভেশন কনসালটিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. রুবাইয়াত সরোয়ার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

জরিপে দেশের ১০ হাজার ৪১৩ জন প্রাপ্তবয়স্ক নাগরিকের অংশগ্রহণে অন্তর্বর্তী সরকারের কর্মদক্ষতা, নির্বাচনকালীন পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও নির্বাচনী সংস্কার বিষয়ে জনমত বিশ্লেষণ করা হয়েছে।

জরিপের মূল ফলাফল:

অন্তর্বর্তী সরকারের কর্মদক্ষতা:** ৭৮.৭% অংশগ্রহণকারী সরকারের কার্যক্রমকে ‘ভালো’ বা ‘মধ্যম মানের’ হিসেবে মূল্যায়ন করেছেন। তবে তরুণ, শিক্ষিত ও নগরবাসীদের মধ্যে সন্তুষ্টি তুলনামূলকভাবে কম।

নির্বাচন ও ভোট নিরাপত্তা:** ৬৯.৯% মানুষ মনে করেন অন্তর্বর্তী সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে সক্ষম। ৭৭.৫% বিশ্বাস করেন তারা নিরাপদে ভোট দিতে পারবেন।

Nagad

আইনশৃঙ্খলা: ৫৬.৬% নাগরিক মনে করেন গত ছয় মাসে চাঁদাবাজি বেড়েছে। এই ধারণা নগর এলাকায় বসবাসকারী তরুণ ও শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে বেশি।

নির্বাচনের সময়সূচি ও অংশগ্রহণ:** ৮৬.৫% উত্তরদাতা নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের পক্ষে, ৯৪.৩% ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। তবে শিক্ষার্থী, উচ্চশিক্ষিত এবং কিছু পেশাজীবীদের মধ্যে নির্বাচনের সময়সূচি নিয়ে আপত্তি বেশি।

নির্বাচনী সংস্কার: পিআর পদ্ধতি সম্পর্কে ৫৬% ভোটারের ধারণা নেই। যারা জানেন, তাদের মধ্যে সমর্থন বেশি। তরুণ ও উচ্চশিক্ষিতদের মধ্যে সচেতনতা এবং সমর্থনের হার তুলনামূলকভাবে বেশি।

গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক ড. সাইমুম পারভেজ, বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী এ কে এম ফাহিম মাশরুর, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রশনা ইমাম এবং ব্রেইনের নির্বাহী পরিচালক শফিকুর রহমান।

জরিপটি আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসালটিংয়ের উদ্যোগে পরিচালিত হয়েছে, বাস্তবায়নে সহযোগিতা করেছে ভয়েস ফর রিফর্ম ও বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক (ব্রেইন)। সূত্র: ইত্তেফাক।