রাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে এক জরুরি সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। একই সঙ্গে সোমবার (২২ সেপ্টেম্বর) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচিও ঘোষণা করেছে সংগঠনটি।
রাতে শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মো. আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক ড. মো. আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষাসহ সব কার্যক্রম বন্ধ থাকবে।
এর আগে কর্মকর্তা সমিতি পোষ্য কোটার দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’-এর ঘোষণা দিয়েছিল। উল্লেখ্য, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য বিদ্যমান ৪ শতাংশ পোষ্য কোটা চলতি বছরের ২ জানুয়ারি বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে শিক্ষক ও কর্মচারীরা এটিকে ‘প্রাতিষ্ঠানিক সুবিধা’ দাবি করে আন্দোলন চালিয়ে আসছেন।
সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রশাসন শর্তসাপেক্ষে প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের সিদ্ধান্ত নিলেও শিক্ষার্থীরা তার বিরোধিতা করে আন্দোলন অব্যাহত রেখেছে।