বিশ্ব রেকর্ড গড়ল ইউএস-বাংলা: ৩০০’র বেশি ট্রাভেল এজেন্টদের নিয়ে সম্মেলন
এক অনন্য রেকর্ডের জন্ম দিল ইউএস-বাংলা এয়ারলাইন্স। বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো একটি নির্দিষ্ট এয়ারলাইন্স কোনো নির্দিষ্ট দেশ থেকে ৩০০’র বেশি ট্রাভেল এজেন্টকে নিয়ে বিদেশে সামিট আয়োজন করেছে। ১৯ থেকে ২১ সেপ্টেম্বর মালদ্বীপের ক্রসরোড আইল্যান্ডের সাই লেগুন ও হার্ড রকে আয়োজিত এই তিনদিনব্যাপী সামিটের নাম দেওয়া হয় ‘পার্টনার রিট্রিট মালদ্বীপ-২০২৫’।
ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাভেল এজেন্টদের নিয়ে ইউএস-বাংলা দুটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটে করে অংশগ্রহণকারীদের মালদ্বীপে নিয়ে যায়।
দ্বিতীয় দিনের অনুষ্ঠানে সাই লেগুন কনভেনশন হলে পারফরম্যান্সের ভিত্তিতে ৪০টি ট্রাভেল এজেন্সিকে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে প্রথম স্থান অর্জন করে হাজী এয়ার ট্রাভেলস লিমিটেড, দ্বিতীয় স্থান শেয়ার ট্রিপ লিমিটেড এবং তৃতীয় স্থান গোযায়ান লিমিটেড।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, দি বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং শফিকুল ইসলামসহ অন্যান্য অতিথিরা।
ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, ২০১৪ সালে যাত্রা শুরুর পর থেকে ট্রাভেল পার্টনাররা সবসময় আমাদের পাশে ছিলেন। ভবিষ্যতেও এ সহযোগিতা থাকবে বলে আমরা বিশ্বাস করি। তিনি জানান, ইউএস-বাংলা বর্তমানে এশিয়ার ১০টি দেশে ১৪টি আন্তর্জাতিক রুটসহ মোট ২৪টি এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করছে। শিগগিরই বহরে নতুন এয়ারবাস ৩৩০-৩০০ যুক্ত হবে এবং মদিনা ও দাম্মাম রুট চালুর পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে বহরে ২০টি নতুন এয়ারক্রাফট যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি নিজস্ব অর্থায়নে প্রতি বছর ৩০ জন পাইলট ও ৩০ জন ইঞ্জিনিয়ার তৈরির প্রক্রিয়াও চলছে।
সামিট শেষে অংশগ্রহণকারীরা ইউএস-বাংলার সঙ্গে থেকে বাংলাদেশের এভিয়েশন ও ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। ২১ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এই সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

