আওয়ামী লীগ অংশ নিলে ভোট ভাগ, তবুও এগিয়ে বিএনপি

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৭:২৮ অপরাহন, সেপ্টেম্বর ২৪, ২০২৫

জরিপের ফল প্রকাশ অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেসরকারি সংস্থা ইনোভিশন কনসাল্টিং পরিচালিত এক জরিপে সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে বিএনপি। এর পরেই অবস্থান করছে জামায়াতে ইসলামী। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তৃতীয় অবস্থানে থাকলেও নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উল্লেখযোগ্য অবস্থান তৈরি করতে পারেনি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় আর্কাইভস অডিটোরিয়ামে ‘জনগণের নির্বাচন ভাবনা’ শীর্ষক জরিপের ফলাফল প্রকাশ করে ইনোভিশন।

ফলাফলে দেখা যায়, আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলে ৪৫.৬ শতাংশ ভোট পাবে বিএনপি এবং জামায়াত পাবে ৩৩.৫ শতাংশ। এ ছাড়া এনসিপি ৪.৭, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩.৮ এবং জাতীয় পার্টি ২.১ শতাংশ ভোট পেতে পারে।

তবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে বিএনপির সম্ভাব্য ভোট দাঁড়াবে ৩৯.১ শতাংশ, জামায়াতের ২৮.১ শতাংশ এবং আওয়ামী লীগের ১৮.৮ শতাংশ। এনসিপি ৪.১ শতাংশ ভোট পেতে পারে।

জরিপ অনুযায়ী, পরবর্তী সরকার গঠনের সম্ভাবনায়ও এগিয়ে বিএনপি। ৩৯.১ শতাংশ ভোটার মনে করছেন বিএনপি সরকার গঠন করবে, ২৩.৩ শতাংশের ধারণা জামায়াত এবং ১২.১ শতাংশের মতে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারে।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, ৬ বিভাগে বিএনপি এগিয়ে রয়েছে। রংপুরে জামায়াত, বরিশালে আওয়ামী লীগ এবং চট্টগ্রামে এনসিপি এগিয়ে আছে।

Nagad

১০ হাজার ৪১৩ জন ভোটারকে অন্তর্ভুক্ত করে পরিচালিত এই ফেস-টু-ফেস সার্ভেটি দেশের সবচেয়ে বড় জাতীয় জরিপ বলে দাবি করেছে ইনোভিশন।