প্রবাসীদের ভোটের খরচ বহন করবে সরকার : ইসি সানাউল্লাহ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৫৪ অপরাহন, সেপ্টেম্বর ২৪, ২০২৫

সংগৃহীত ছবি

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) আউট অব কান্ট্রি ভোটিং ব্যবস্থা চালু করতে যাচ্ছে। প্রতিটি পোস্টাল ভোটিংয়ে প্রায় ৭০০ টাকা ব্যয় হবে বলে ধারণা করছে ইসি। তবে এ খরচ প্রবাসীদের বহন করতে হবে না, সরকারের কোষাগার থেকেই তা দেওয়া হবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) লন্ডনের বাংলাদেশ হাইকমিশন ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘পোস্টাল ভোটিং ব্যয়বহুল হলেও প্রবাসীদের জন্য এটি যৌক্তিক ব্যয়। প্রায় ৮০ থেকে ৯০ লাখ প্রবাসী ভোটার নিবন্ধন করবেন বলে আশা করা হচ্ছে। তাদের জন্য আলাদা কোনো চার্জ নেওয়া হবে না।’

ইসি জানায়, ভোটার তালিকায় অন্তর্ভুক্ত সকল প্রবাসীই নিবন্ধন করে ভোট দিতে পারবেন। এজন্য একটি বিশেষ অ্যাপ ডেভেলপ করা হচ্ছে, যা আগামী নভেম্বরের তৃতীয় সপ্তাহে চালু হবে। অ্যাপের মাধ্যমে প্রবাসীরা রেজিস্ট্রেশন করতে পারবেন।

সানাউল্লাহ বলেন, ‘বাংলাদেশি প্রবাসীদের ভোটের প্রতি আগ্রহ অনেক বেশি। এত বড় জনগোষ্ঠীকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব নয়। যাদের অবদানে বাংলাদেশ অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে অবস্থান শক্ত করেছে, তাদের ন্যায্য দাবি ভোটাধিকার।’

তিনি আরও জানান, বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতা ও গবেষণা বিশ্লেষণ করে এবং রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেই আউট অব কান্ট্রি ভোটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনলাইন ভোটিংয়ের পরিবর্তে পোস্টাল ভোটিং পদ্ধতিকে সবচেয়ে কার্যকর ধরা হয়েছে।

Nagad