এআইইউবি-তে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সিম্পোজিয়ামের উদ্বোধন
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে দুই দিনব্যাপী “ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন রেসপন্সিভ অ্যান্ড রেসপনসিবল ইউনিভার্সিটি: গ্লোবাল পারস্পেকটিভস ফ্রম দ্য ম্যাগনা কার্টা অবজারভেটরি রিসার্চ ইনিশিয়েটিভ” শীর্ষক আন্তর্জাতিক সিম্পোজিয়ামের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এটি বাংলাদেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
সিম্পোজিয়ামের আয়োজন করেছে এআইইউবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)। দুই দিনের এ সিম্পোজিয়ামে ইউরোপ ও এশিয়ার ছয়টি দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন, যার মধ্যে আয়ারল্যান্ড, পোল্যান্ড, লিথুয়ানিয়া, ইউক্রেন, নর্থ ম্যাসেডোনিয়া ও বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং আইকিউএসি পরিচালকরা ১৫০-এর বেশি অংশগ্রহণকারীর সঙ্গে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করেন ড. কারমেন জেড. লামাগনা, সদস্য, বোর্ড অফ ট্রাস্টিজ, এআইইউবি এবং ডেভিড জে. লক, সেক্রেটারি জেনারেল, ম্যাগনা কার্টা অবজারভেটরি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ড. হাসানুল এ. হাসান, জনাব ইশতিয়াক আবেদীন এবং দেশি-বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অতিথিবৃন্দসহ এআইইউবির শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
সিম্পোজিয়ামের প্যানেল আলোচনায় অংশগ্রহণ করবেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ এবং দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ। এছাড়া, এআইইউবি শিক্ষার্থীরা তাদের বিভিন্ন গবেষণা উপস্থাপন করবেন।
এই আন্তর্জাতিক সিম্পোজিয়াম বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা ও বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে শিক্ষাবিদরা মনে করছেন।

