থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে শিশুসহ নিহত ৩১
ভারতের তামিলনাড়ুতে জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। শনিবার (২৭ সেপ্টেম্বর) কারুর জেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারুর জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ডেভিডসন দেবাসিরভাথাম জানান, ইতোমধ্যে প্রায় ৫০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরও অন্তত ৪০০ জনকে আনার প্রক্রিয়া চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয়ের জনসভায় দীর্ঘ সময় ধরে উপস্থিত ছিলেন হাজারো সমর্থক। তিনি দেরিতে মঞ্চে আসায় ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বক্তব্য শুরুর কিছুক্ষণ পরেই কয়েকজন অচেতন হয়ে পড়লে বিজয় বক্তব্য বন্ধ করেন। এ সময় র্যালির বাস থেকে ভিড়ের দিকে পানির বোতল ছুড়ে দেওয়া হয়। বিজয় পুলিশকে দ্রুত সহায়তার আহ্বান জানান।
তবে ভিড়ের কারণে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। খবর পেয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন প্রশাসনকে পরিস্থিতি সামলানোর নির্দেশ দেন।
এদিকে, ঘটনার পর বিজয়ের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছে ক্ষমতাসীন দল ডিএমকে। এমনকি তাকে গ্রেপ্তারের দাবিও জানাচ্ছেন দলটির নেতারা।

