আইনমন্ত্রীর বান্ধবী তৌফিকা করিমের ১১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
কারাগারে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী ও সাবেক ব্যক্তিগত সহকারী (পিএস) তৌফিকা করিমের নামে থাকা ১১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে মোট ৮৬ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৫৫৬ টাকা রয়েছে।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে দেওয়া আবেদনে বলা হয়, তৌফিকা করিম আইনমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে আদালতে আসামির জামিন বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, বদলির তদবিরসহ নানা অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আয় করেছেন। পরে এসব অর্থ দিয়ে ফ্ল্যাট, গাড়ি ও জমি ক্রয়সহ বিদেশে অর্থ পাচার করেন তিনি।
সিআইডির উপপরিদর্শক (ফাইন্যান্সিয়াল ক্রাইম) মো. মনিরুজ্জামান আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, অভিযুক্তের ওই হিসাবগুলোতে এর আগে ৬৫৩ কোটি ৩৬ লাখ ৫৮ হাজার ১৩১ টাকার অবৈধ লেনদেন হয়েছে। অবরুদ্ধ করা না হলে অর্থ অন্যত্র হস্তান্তরের শঙ্কা রয়েছে।