তিন দেশ থেকে ১ হাজার ৭১৪ কোটি টাকার সার কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৬:৩৬ অপরাহন, সেপ্টেম্বর ৩০, ২০২৫

চীন, মরক্কো ও সৌদি আরব থেকে মোট ২ লাখ ১০ হাজার মেট্রিক টন সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য সরকারের ব্যয় হবে প্রায় ১ হাজার ৭১৪ কোটি ৫১ লাখ ৯১ হাজার টাকা।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে এই অনুমোদন দেওয়া হয়।

কোন দেশ থেকে কত সার আসছে
চীন: ব্যানিয়ান ইন্টারন্যাশনাল ট্রেডিং লিমিটেড থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানি হবে। খরচ হবে ৩৭৮ কোটি ৮৩ লাখ টাকা। মরক্কো: ওসিপি নিউট্রিক্রপস থেকে একাধিক চুক্তির আওতায় মোট ১ লাখ ১০ হাজার টন ডিএপি ও টিএসপি সার আনা হবে। খরচ হবে প্রায় ৮০৩ কোটি টাকা। সৌদি আরব: সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি হবে। খরচ হবে প্রায় ১৫৯ কোটি ৯৯ লাখ টাকা।

চুক্তি অনুযায়ী প্রতি টন ডিএপি সারের মূল্য ধরা হয়েছে ৭৬০–৭৭২ ডলার, প্রতি টন টিএসপি সারের মূল্য ৫৮৫ ডলার, আর প্রতি টন ইউরিয়া সারের মূল্য ৪৩৫ ডলার।

২০২৫-২৬ অর্থবছরে সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানির সঙ্গে ৩ লাখ ৩০ হাজার টন ইউরিয়া আমদানির দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে। আপদকালীন পরিস্থিতি মোকাবিলা ও দেশীয় কারখানায় ঘাটতি পূরণের জন্য অতিরিক্ত আরও ৩ লাখ টন ইউরিয়া আমদানি করা হবে।

Nagad