দুর্গাপূজার চতুর্থ দিন আজ, পূজামণ্ডপে নবমীর মহাআরতি
আজ বুধবার (১ অক্টোবর) সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন—মহানবমী। দেবীর বিদায়ের সূচনা হলো আজ, আগামীকাল দশমীতে কৈলাসে (স্বামীর বাড়ি) ফিরে যাবেন দেবী দুর্গা।
নবমীতে বিশেষ কোনো নতুন পর্ব না থাকলেও সকালে তর্পণের মাধ্যমে দেবীর মহাস্নান, ষোড়শ উপচারে পূজা ও সন্ধ্যায় মহাআরতি অনুষ্ঠিত হয়। এদিন বলিদান ও নবমী হোমের বিশেষ রীতি পালিত হয়। দেবীদুর্গাকে ১০৮টি নীলপদ্মে পূজা করা হবে। পূজা শেষে যথারীতি অঞ্জলি ও প্রসাদ বিতরণ থাকবে।
নবমী তিথি শুরু হয় সন্ধিপূজা দিয়ে। অষ্টমীর শেষ ২৪ মিনিট ও নবমীর প্রথম ২৪ মিনিটে এই বিশেষ সন্ধিপূজা অনুষ্ঠিত হয়, যা মূলত দেবী চামুন্ডাকে উৎসর্গ করা হয়। এ সময় ১০৮টি মাটির প্রদীপ ও ১০৮টি পদ্মফুল নিবেদন করা হয় দেবীর চরণে।
পুরোহিতদের মতে, মহানবমীতে ষোড়শ উপচারের পাশাপাশি নীলকণ্ঠ ফুল, নীল অপরাজিতা এবং যজ্ঞের মাধ্যমে দেবীর আরাধনা করা হবে। যজ্ঞে ১০৮টি বেল পাতা, আম কাঠ ও ঘি ব্যবহার করা হবে।
আগামীকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীর বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন সনাতন ধর্মাবলম্বীরা।

