জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইনকোর্সে নম্বর পেতে ক্লাসে উপস্থিতি বাধ্যতামূলক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষায় নম্বর পেতে হলে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে। ক্লাসে উপস্থিতি বা ইনকোর্সের নম্বর ছাড়া কোনো শিক্ষার্থীর পরীক্ষার ফরম পূরণ করা যাবে না।
শনিবার (৪ অক্টোবর) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষায় ১৫ শতাংশ ও ক্লাসে উপস্থিতিতে ৫ শতাংশ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। প্রাইভেট শিক্ষার্থীদের ক্ষেত্রে ইনকোর্স পরীক্ষার জন্য মোট ২০ শতাংশ নম্বর নির্ধারিত থাকবে।
সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজস্ব ব্যবস্থাপনায় ইনকোর্স পরীক্ষা গ্রহণ করবে এবং শিক্ষকরা উত্তরপত্র মূল্যায়ন করবেন। নির্ধারিত সময় অনুযায়ী ইনকোর্সের নম্বর অনলাইনে এন্ট্রি দিতে হবে।
এছাড়া নির্দেশনায় সতর্ক করা হয়েছে যে, একবার ইনকোর্স নম্বর এন্ট্রি দেওয়ার পর তা পরিবর্তন করা যাবে না।

