চ্যানেল ২৪ ও এনিগমা টিভিতে ফিরে আসছে জনপ্রিয় টেক-শো ‘সার্চ ইঞ্জিন’

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ৩:৩৭ অপরাহন, অক্টোবর ৫, ২০২৫

দেশের টেকনোলজি শো ‘সার্চ ইঞ্জিন’ আবারও ফিরে আসছে নতুন সিজন নিয়ে। এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেডের প্রযোজনায় নির্মিত এ অনুষ্ঠানটির সিজন–২ সম্প্রচার শুরু হবে আগামী ৪ অক্টোবর থেকে।

তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতি, উদ্ভাবন, তরুণ উদ্যোক্তাদের গল্প, সরকারি-বেসরকারি উদ্যোগ, তথ্য সুরক্ষা এবং নতুন বাংলাদেশ গড়ার সম্ভাবনা— এসব বিষয় নিয়েই সাজানো হয়েছে নতুন সিজনের পর্বগুলো। অনুষ্ঠানে থাকবেন দেশি-বিদেশি প্রযুক্তি বিশেষজ্ঞ, ব্যবসায়ী এবং তরুণ উদ্ভাবকরা।

এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহমিদুল ইসলাম বলেন, ‘দেশের প্রতি ভালোবাসা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা এই অনুষ্ঠানটি চালু করেছি। প্রযুক্তির সুফল মানুষের কাছে পৌঁছে দিতেই ‘সার্চ ইঞ্জিন’ আমাদের ধারাবাহিক প্রচেষ্টা।’

‘সার্চ ইঞ্জিন সিজন–২’ প্রচারিত হবে প্রতি শনিবার রাত ৮টা ৩০ মিনিটে চ্যানেল ২৪–এ। একই দিন রাত ১১টায় অনুষ্ঠানটি দেখা যাবে এনিগমা টিভির ফেসবুক, ইউটিউব ও অন্যান্য সামাজিক মাধ্যমে।

প্রথম সিজনে ব্যাপক সাড়া ফেলে দেওয়া এই অনুষ্ঠানটি দর্শক জরিপে দেশের অন্যতম জনপ্রিয় টেক-শো হিসেবে স্বীকৃতি পেয়েছিল। মোট ১৩টি পর্ব প্রচারের মাধ্যমে তথ্যপ্রযুক্তি সচেতনতা ও তরুণ উদ্যোক্তাদের আগ্রহ বৃদ্ধি পায়।

‘সার্চ ইঞ্জিন’ কেবল একটি টেলিভিশন শো নয়, বরং একটি প্রযুক্তি-সচেতনতা আন্দোলন। কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, রোবোটিকস, সাইবার সিকিউরিটি, বিগ ডাটা, ব্লকচেইন ও ডিজিটাল হেলথ-এসব ক্ষেত্রের বৈপ্লবিক পরিবর্তনকে সাধারণ দর্শকের কাছে সহজভাবে তুলে ধরাই এ শোর মূল লক্ষ্য।

Nagad

তরুণ প্রজন্মকে উদ্ভাবন, স্টার্টআপ ও উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা দেওয়া এবং ডিজিটাল বাংলাদেশ থেকে ‘নতুন বাংলাদেশ’-এর বাস্তব রূপান্তরের যাত্রাকে তুলে ধরা-এই মৌসুমের মূল ফোকাস।

এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেডের ভাষায়, ‘প্রযুক্তি কেবল বিলাসিতা নয়, বরং টেকসই উন্নয়ন ও জাতীয় অগ্রগতির হাতিয়ার। ‘সার্চ ইঞ্জিন সিজন–২’ সেই উপলব্ধিকেই আরও এগিয়ে নিতে চায়।’