ভূরুঙ্গামারীতে জমি বিরোধে ট্রাক্টর চালিয়ে ১০ বিঘা ধানক্ষেত নষ্ট

কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ৪:১০ অপরাহন, অক্টোবর ১০, ২০২৫

জমি সংক্রান্ত বিরোধের জেরে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১০ বিঘা রোপা আমন ফসলের ক্ষেত ট্রাক্টর দিয়ে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল মান্নান ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (৮ অক্টোবর) উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামে।

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় ইব্রাহিম আলী মাস্টার গংদের সঙ্গে মৃত লোকমান আলীর ছেলে আব্দুল মান্নানের পরিবারের ১১ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। চলতি মৌসুমে ওই জমিতে আব্দুল মান্নান রোপা আমন চাষ করেছিলেন। ধান ফুলে যাওয়ার সময় মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে রুবেল, কামরুজ্জামান, ইব্রাহিম, হাবিবুর, আ. হাই, কুদ্দুছ, ছালাম ও শওকতসহ ৩০-৪০ জন নারী-পুরুষ ও তাদের লোকজন লাঠি-শোঠা ও ধারালো অস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা করে। এ সময় তারা ট্রাক্টর দিয়ে ১০ বিঘা জমির ধানক্ষেত ও ১ বিঘা কালাই ক্ষেত নষ্ট করে দেয়।

এ সময় বাধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন অস্ত্রের মুখে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ফসল ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

স্থানীয়রা জানান, উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। প্রায় ঘরে তোলার মতো ধান গাছগুলো ট্রাক্টর দিয়ে নষ্ট করা হয়েছে-এটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা।

ভুক্তভোগী আব্দুল মালেক ও মাসাদুল ইসলাম বলেন, ‘আমরা ১০ বিঘা জমিতে আমন চাষ ও ১ বিঘা জমিতে কালাই করেছি। আর কয়েক দিন পর ফসল ঘরে তুলতে পারতাম। কিন্তু তারা সব নষ্ট করে দিয়েছে। এতে আমরা সর্বস্বান্ত।’

এ বিষয়ে প্রতিপক্ষ ইব্রাহিম আলী মাস্টারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

Nagad

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার বলেন, ‘বিষয়টি জানার পর উপসহকারী কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।’

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, ‘অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’