কক্সবাজার আদালতে বিচারকের খাস কামরা থেকে মোবাইল ও মানিব্যাগ চুরি
কক্সবাজার আদালতে ঘটেছে এক অভূতপূর্ব ঘটনা। বিচারকার্য চলাকালীন সময়ে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদের খাস কামরা (চেম্বার) থেকে তাঁর ব্যবহৃত আইফোন, মানিব্যাগ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়ে গেছে।
রোববার (১২ অক্টোবর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আদালতের বেঞ্চ সহকারী সাইদুল ইসলাম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বিচারক আদালত পরিচালনার সময় খাস কামরায় দুটি মোবাইল ফোন ও মানিব্যাগ রেখে যান। পরে অজ্ঞাত দুর্বৃত্তরা কক্ষের ভেতরে ঢুকে তাঁর আইফোন–১৪, ভিভো–১২ মডেলের ফোন এবং মানিব্যাগে থাকা এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও গুরুত্বপূর্ণ সরকারি কাগজপত্র চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মোবাইল ফোন দুটির আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ ৪০ হাজার টাকা বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ও মামলার বাদী সাইদুল ইসলাম। তিনি বলেন, ‘বিচার চলাকালীন সময়ে বিচারক মহোদয় মোবাইল ও মানিব্যাগ খাস কামরায় রাখেন। ওই সুযোগে অজ্ঞাত কেউ দরজা খুলে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এটি অত্যন্ত উদ্বেগজনক ঘটনা।’
কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুখ হোসেন বলেন, ‘চুরির ঘটনায় মামলা রুজু করা হয়েছে। চুরি হওয়া মোবাইল ও অন্যান্য জিনিস উদ্ধারে পুলিশ তৎপরতা শুরু করেছে।’

