নামে সর্বোচ্চ ১০ সিম রাখার নির্দেশ বিটিআরসির, না হলে এ মাসেই বন্ধ
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি সিম রাখতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। কোনো গ্রাহকের নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে অতিরিক্ত সিমগুলো আগামী ৩০ অক্টোবরের মধ্যে নিষ্ক্রিয় করতে হবে।
সোমবার (১৩ অক্টোবর) বিটিআরসির যাচাইকৃত ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকরা পছন্দের ১০টি সিম রেখে বাকি সিমগুলো ‘ডি-রেজিস্টার’ বা মালিকানা হস্তান্তর করতে পারবেন সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে যোগাযোগের মাধ্যমে।
গ্রাহকরা নিজেদের এনআইডির বিপরীতে নিবন্ধিত সিম সংখ্যা জানতে পারবেন *16001# ডায়াল করে এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠিয়ে।
বিটিআরসি আরও জানায়, নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত সিম বন্ধের আবেদন না করলে, কমিশন দৈবচয়নের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে সেই সিমগুলো বন্ধ করে দেবে।

