রেমিট্যান্সেই টিকে ছিল অভ্যুত্থান-পরবর্তী সরকার: প্রধান উপদেষ্টা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৬ অপরাহন, অক্টোবর ১৪, ২০২৫

ছবি: পিআইডি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর ভর করেই অভ্যুত্থান-পরবর্তী সরকার টিকে আছে এবং ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দেশের বিধ্বস্ত অর্থনীতি।

তিনি বলেন, ‘তলানিতে নেমে যাওয়া অর্থনীতির জন্য রেমিট্যান্সই ছিল একমাত্র ভরসা।’

ইতালি সফরের তৃতীয় দিনে স্থানীয় সময় বিকেলে রোমে বাংলাদেশ দূতাবাস আয়োজিত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় তার সফরসঙ্গীরাও উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘স্বৈরাচার সরকার দেশের অর্থনীতিকে একেবারে ধ্বংস করে পালিয়ে গিয়েছিল। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের কারণেই সেই ভেঙে পড়া অর্থনীতি এখন ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে। রেমিট্যান্সের প্রবাহ না থাকলে সরকারের টিকে থাকা অত্যন্ত কঠিন হতো।’

এসময় প্রবাসী বাংলাদেশিরা সরকার প্রধানকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা ইতালিতে অভিবাসনসংক্রান্ত নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং সমাধানের দাবি জানান।

প্রধান উপদেষ্টা তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং আশ্বস্ত করেন যে, ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের অভিবাসন সমস্যা সমাধনে ইতোমধ্যে ইতালি সরকারের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।

Nagad