ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে গোসলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা:ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা:
প্রকাশিত: ১২:০০ অপরাহন, অক্টোবর ১৮, ২০২৫

রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে গোসলকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সরাইল উপজেলার ছোট দেওয়ানপাড়া ও হাওলাপাড়া গ্রামে টর্চলাইটের আলো জ্বালিয়ে এ সংঘর্ষে অংশ নেয় উভয় গ্রামের শতাধিক মানুষ। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, বিকেলে হাওলাপাড়া গ্রামের মো. তাইম ও তার বন্ধুরা ছোট দেওয়ানপাড়ার একটি পুকুরে গোসল করতে গেলে শাকিল ও শিপনের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয় বিরোধ, পরে তাইম ও তার বন্ধুরা আহত হয়ে নিজ গ্রামে ফিরে আসে।

রাতে উভয় গ্রামের মানুষ দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে টর্চলাইটের আলোয় মুখোমুখি হয়। ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, বন্ধ হয়ে যায় দোকানপাট ও মানুষের চলাচল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসাইন বলেন, “ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে নতুন করে সংঘর্ষ না ঘটে।”

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Nagad