ভাতা বৃদ্ধির দাবিতে শিক্ষকদের আমরণ অনশন ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১১:৪৪ অপরাহন, অক্টোবর ১৯, ২০২৫

বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধি, চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধির দাবিতে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে জাতীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি।

তিনি বলেন, আগামীকাল সোমবার থেকে আমরা আমরণ অনশন কর্মসূচিতে যাচ্ছি। পাশাপাশি ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রমও বন্ধ থাকবে। সরকার ৫ শতাংশ বাড়িভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এটিকে আমরা একটি প্রাথমিক বিজয় হিসেবে দেখছি; তবে চূড়ান্ত বিজয় হবে দাবিগুলো পূরণ হলে।

এর আগে বিকেলে শিক্ষকরা শহীদ মিনার থেকে শিক্ষাভবন অভিমুখে ‘ভুখা মিছিল’ বের করেন। মিছিলটি দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মাজার সংলগ্ন রাস্তায় পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দেয়। এ সময় শিক্ষকরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।

ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ও ছয় প্লাটুন বিজিবি মোতায়েন ছিল। প্রায় দেড় ঘণ্টা পর শিক্ষকরা শহীদ মিনারে ফিরে এসে অবস্থান কর্মসূচি চালিয়ে যান।

বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন শিক্ষকনেতারা।

Nagad

উল্লেখ্য, শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে সরকার আজ সকালে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করেছে।