এআইইউবিতে ১০ম সিজেন কনফারেন্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:০২ অপরাহন, অক্টোবর ২৫, ২০২৫

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি)-এ মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন (এমএমসি) বিভাগের উদ্যোগে ‘১০ম কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এডুকেটরস নেটওয়ার্ক (সিজেন) কনফারেন্স ২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই দিনব্যাপী এই কনফারেন্সের উদ্বোধন করা হয়। ডিডব্লিউ একাডেমির সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া শিক্ষাবিদ, গণমাধ্যম পেশাজীবী ও শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

এ বছরের কনফারেন্সের মূল প্রতিপাদ্য— ‘মিডিয়া ট্রান্সফর্মড: বাংলাদেশ অ্যাট এ ক্রসরোডস’। সাংবাদিকতা ও যোগাযোগ শিক্ষার উন্নয়ন, গবেষণা, সহযোগিতা এবং জ্ঞান বিনিময়ই এই আয়োজনের প্রধান লক্ষ্য বলে আয়োজকরা জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফয়েজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান মিডিয়া ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সেন্টারের সেক্রেটারি-জেনারেল র‌্যামন গিলার্মো আর. তুয়াজন; এআইইউবির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের সদস্য ইশতিয়াক আবেদীন; এআইইউবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং ইউল্যাবের প্রো-ভাইস চ্যান্সেলর ও সিজেন বাংলাদেশ চেয়ারম্যান অধ্যাপক ড. জুড উইলিয়াম জেনিলো। উদ্বোধনী বক্তব্য দেন এআইইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাবেক ভাইস চ্যান্সেলর ড. কারমেন জেড. লামাগনা।

দুই দিনব্যাপী এই কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপন, প্যানেল আলোচনা এবং গবেষণাপত্র সেশন অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো গবেষণা উপস্থাপনার সুযোগ থাকায় এটি এআইইউবি ও সিজেন উভয়ের জন্যই একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে আয়োজকরা উল্লেখ করেন।

তারা আশা করেন, এই আয়োজন দেশের যোগাযোগ ও সাংবাদিকতা শিক্ষার মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ভবিষ্যতে গবেষণা ও একাডেমিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।

Nagad