সুন্দরবনে ১০৬ কেজি হরিণের মাংস ও ফাঁদসহ শিকারি আটক
সুন্দরবনে অবৈধভাবে হরিণ শিকারের অভিযোগে ১০৬ কেজি হরিণের মাংস ও ফাঁদসহ এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার ভোরে খুলনার দাকোপ থানার নলিয়ান সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান দল অভিযান পরিচালনা করে। এসময় হরিণের মাংসের সাথে প্রায় ২০০ মিটার শিকার ফাঁদ উদ্ধার করা হয়।
জব্দকৃত মাংস, ফাঁদ ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
তিনি আরও বলেন, বন্যপ্রাণী রক্ষা ও পাচার রোধে সুন্দরবন এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।