জুলাই সনদ বাস্তবায়নে পূর্ণাঙ্গ সুপারিশ ‘খুব শিগগির’

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্, অক্টোবর ২৬, ২০২৫

জুলাই সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি চূড়ান্ত করতে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে শিগগিরই একটি পূর্ণাঙ্গ সুপারিশপত্র সরকারের কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

শনিবার (২৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশেষজ্ঞদের সঙ্গে আয়োজিত পর্যালোচনা সভায় এই তথ্য জানানো হয়।

সভায় জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনীয় কাঠামো, আইনগত প্রক্রিয়া, প্রতিষ্ঠানিক সংস্কারসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ মতামত উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। আগের দিনের অসমাপ্ত আলোচনার ধারাবাহিকতায় এদিন আলোচনার শেষ পর্ব অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড. শরিফ ভূইয়া, ব্যারিস্টার ইমরান সিদ্দিক ও ব্যারিস্টার তানিম হোসেইন শাওন।

কমিশনের পক্ষে আলোচনায় অংশ নেন সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।

এছাড়া জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও উপস্থিত ছিলেন।

Nagad

কমিশন জানিয়েছে, জুলাই সনদ বাস্তবায়নের জন্য গৃহীত সুপারিশগুলো শিগগিরই চূড়ান্ত আকারে সরকারের কাছে উপস্থাপন করা হবে।