জাটকা ইলিশ শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা কার্যকর

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১২:২৪ অপরাহন, নভম্বর ১, ২০২৫

ইলিশের টেকসই উৎপাদন ও প্রজনন সুরক্ষায় আগামী আট মাস জাটকা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। শনিবার (১ নভেম্বর) থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা চলবে ৩০ জুন ২০২৬ পর্যন্ত।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, এই সময়ে ২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের যেকোনো ইলিশ (জাটকা) ধরা, বিক্রি, পরিবহন, মজুত ও বাজারজাতকরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

নিষেধাজ্ঞা ভঙ্গ করলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) অধ্যাদেশ, ২০২৫ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা (১৯৮৫) অনুযায়ী সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।

এর আগে গত ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ বাস্তবায়ন করা হয়। সে সময় ডিমওয়ালা মা ইলিশ ধরা নিষিদ্ধ ছিল। সেই সময়ে উৎপাদিত পোনা এখন নদী ও মোহনায় ছড়িয়ে পড়েছে।

মৎস্য অধিদপ্তর জানিয়েছে, জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, র‌্যাব ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সারাদেশে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।

Nagad